দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ঘরের বাইরে বের হওয়া মানুষেরা পড়েছেন ভোগান্তির মধ্যে। একই সঙ্গে ঢাকাসহ কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে। এর ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানে টানা বর্ষণের কারণে কয়েকটি নদ-নদীর পানি বাড়ছে। ফলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার ঝুঁকি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী-খাল, জলাশয়, উঁচু গাছ এবং বৈদ্যুতিক খুঁটির নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সর্বশেষ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি সম্পর্কে সরকারি সতর্কবার্তা অনুসরণের আহ্বান জানিয়েছে।
এমএম/